Wednesday, May 16, 2007

কৃষ্ণকলি আমি তারেই বলি (Krishnakali Aami Tarei Boli)

কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে, মুক্তবেণী পিঠের'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।

ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।

পূবে বাতাস এল হঠাত্‍‌ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।

এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে হঠাত্‍‌ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।

কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।

তুমি যে সুরের আগুন (Tumi Je Surer Aagun)

তুমি যে   সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,

এ আগুন   ছড়িয়ে গেল সব খানে॥

যত সব    মরা গাছের ডালে ডালে

   নাচে আগুন তালে তালে     রে,

আকাশে    হাত তোলে সে কার পানে॥

আঁধারের   তারা যত অবাক হয়ে রয় চেয়ে,

কোথাকার  পাগল হাওয়া বয় ধেয়ে।

নিশীথের   বুকের মাঝে এই-যে অমল

   উঠল ফুটে স্বর্ণকমল     রে,

আগুনের    কী গুণ আছে কে জানে॥

তোমারেই করিয়াছি (Tomarei Koriyachi)

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,

এ সমুদ্রে আরো কভু হব নাকো পথহারা।

যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো,

আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা।

তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে,

তিলেক আন্তর হলে না হেরি কূল-কিনারা।

কখন বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি

আমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা।

Tuesday, May 15, 2007

হার-মানা হার (Har Mana Har)

হার-মানা হার পরাব তোমার গলে-

দূরে রব কত আপন বলের ছলে।

জানি আমি জানি ভেসে যাবে আভিমান-

নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ,

শূন্য হিঁয়ার বাঁশিতে বাজিবে গান,

পাষাণ তখন গলিবে নয়নজলে।

শতদলদল খুলে যাবে থরে থরে,

লুকানো রবে না মধু চিরদিন-তরে।

আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি,

ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,

কিছুই সেদিন কিছুই রবে না বাকি-

পরম মরণ লভিব চরনতলে।

আমার হৃদয় তোমার (Amar Hriday Tomar)

আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও,

কে আমারে কী-যে বলে ভোলাও ভোলাও।।

ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে,

বাঁশির ডাকে সকল বাধন খোলাও।।

মনে পড়ে, কত-না দিন রাতি

আমি ছিলেম তোমার খেলার সাথি।

আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে,

আমার প্রাণে খেলার সে ঢেউ তোলাও।।